আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: আজ বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের সুরাট ডায়মন্ড বুর্সের উদ্বোধন হলো রবিবার। এই মুহূর্তে এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের থেকেও বড় সুরাটের এই অফিস ভবন। ফলে ডায়মন্ড বুর্স যে দেশের মুকুটে নতুন পালক সেটা আর বলার অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুরাট ডায়মন্ড বুর্স বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। আন্তর্জাতিক স্তরে হিরে ও গয়নার ব্যবসার আধুনিক কেন্দ্র। ৩৫.৫৪ এলাকাজুড়ে তৈরি হয়েছে ভবনটি। রয়েছে নয়টি বড় টাওয়ার। এক একটি বাড়ি ১৫ তলা। এখানে একসঙ্গে বসে কয়েক হাজার কর্মী কাজ করতে পারবেন।
অফিসের পাশাপাশি এই ভবনটিতে রয়েছে সেফ ডিপোজিট ভোল্ট, কনফারেন্স হল, মাল্টিপারপাস হল, রেস্তোরাঁ, ব্যাঙ্ক, কাস্টমস ক্লিয়ারেন্স অফিস, কনভেনশন সেন্টার, প্রদর্শনী হল, ট্রেনিং সেন্টার, বিনোদনের ব্যবস্থা, ক্লাব।
জানাগেছে, ভবনটি নির্মাণ করতে খরচ পড়েছে ৩৫০০ কোটি টাকা। এই বাড়িটিতে রয়েছে ৬৭ লক্ষ বর্গফুট ফ্লোর স্পেস বা কাজের জায়গা। হীরে ব্যবসার জন্য বিখ্যাত সুরাট। খনি থেকে হীরে তুলে এনে সুরাটে কেটে বাজারে উপযোগী করা হয়। তৈরি করা হয় হীরের গয়নাও। হীরে কাটা ও পালিশের মত বিভিন্ন কাজ একসাথে এবার এক ছাতার তলায় করা হবে। পয়ষট্টি হাজারেরও বেশি হীরে ব্যবসায়ীর কথা ভেবে এই ভবনটি নির্মাণ করা হয়েছে।
লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। জানুয়ারি মাসে উদ্বোধন হবে বহু প্রতিক্ষিত অযোধ্যার রাম মন্দির। তবে তার আগে গুজরাটের সুরাটে বিশ্বের এই সবচেয়ে বড় অফিসের উদ্বোধন মোদী সরকারের সাফল্যের আর একটা মাপকাঠি বলাই যায়।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভবনটি নির্মাণের কাজ শুরু হয়েছিল, শেষ হয়েছে ২০২২ সালে। চলতি বছরের আগস্ট মাসে এই ভবনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনে স্বীকৃতি আদায় করে নিয়েছে বাড়িটি।

