ভুল পরামর্শদাতারাই দিদিকে নন্দীগ্রামে পাঠিয়েছে, ওরাই বাংলা থেকে দিদির টিকিট কেটে দিয়েছে, মমতাকে কটাক্ষ মোদীর

আমাদের ভারত, ৩ এপ্রিল:আজ ফের রাজ্যে দুটি বড় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরের পরে সোনারপুর দক্ষিণে তিনি জনসভা করেন। আর এই জনসভা থেকেও আবারও রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়াকে ভুল বলে মন্তব্য করেছেন তিনি।

মোদী বলেন, “শুনলাম তৃণমূলে মন্থন চলছে। দলে যে কয়েকজন বিচক্ষণ রয়েছেন তারা সকলেই দিদির নন্দীগ্রামে যাওয়ার সমালোচনা করেছেন। তারা সকলেই নাকি বলেছেন নন্দীগ্রামে গিয়ে দিদি ভুল করেছেন। আমি আরও জানতে পারলাম যে, নন্দীগ্রামে হারছেন বুঝে তৃণমূলের লোকজন ঠিক করে ফেলেছিলেন মমতা দিদিকে অন্য আসনে দাড় করানো হবে। কিন্তু পরে আবার অনেকে বুঝিয়েছেন সেটা আরও বড় ভুল হবে। কারণ দুটো আসনে হারলে পরবর্তী রাজনৈতিক যাত্রা তৃণমূলের জন্য যথেষ্ট কঠিন হয়ে যাবে।” মোদী কটাক্ষের সুরে বলেন,” মমতা দিদির সঠিক পরামর্শদাতাদের চেয়ে ভুল পরামর্শদাতাদেরই হয়তো বেশি ভরসা করে ফেলেছেন। ভুল পরামর্শদাতারাই দিদি আর তার স্কুটিকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন। ওরাই বাংলা থেকে দিদির টিকিট কেটে দিয়েছেন।”

প্রধানমন্ত্রী বলেন,”দিদির পার্টি বলছে দিদি এবার বারানসি থেকে লোকসভায় লড়বেন। এর থেকে দুটো বিষয় স্পষ্ট হয় যে দিদি বাংলায় নিজের হার স্বীকার করে নিয়েছেন। সেইজন্যে বাইরে যাওয়ার কথা ভাবছেন। দিদি এখন বাংলার বাইরে নিজের অন্য জায়গা খুঁজছেন। সেটা ভালোই। বিধানসভায় হেরে লোকসভায় অবশ্যই যাবেন। হলদিয়া থেকে বারানসি পর্যন্ত জলপথের বিস্তার ঘটিয়েছি। তাতেই সম্ভবত উনি বারানসি যাচ্ছেন।” রসিকতার সুরে মোদী মমতার উদ্দ্যেশ্যে বলেন,” আরো একটা কথা কানে কানে বলি শুনে রাখুন, আমার বারানসি, কাশি, উত্তর-প্রদেশের লোক এত বড় মনের অধিকারী যে আপনাকে বহিরাগত, পর্যটক বলবেন না। বাংলার মানুষের মতোই ওদের মন বড়।”

অন্যান্য দিনের মতোই আজও দুর্নীতির প্রশ্নে আবারো তৃণমূল সরকারকে আক্রমণ করেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন,”বালি দুর্নীতি, কয়লা দুর্নীতি, ভর্তি দুর্নীতি, আমফান দুর্নীতির পরেও কেন আপনার এত রাগ? আপনি নিজেকে কি ভাবেন? কিন্তু আপনার আচরণে বাংলার রায় বোঝা যাচ্ছে। ছাপ্পা ভোটের সুযোগ পাননি বলে নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ ১০ বছর আগে এই নিরাপত্তাতেই আপনার ভরসা ছিল। এই নির্বাচন কমিশন এই ইভিএমই আপনাকে ১০ বছর বাংলা সেবা করার সুযোগ করে দিয়েছিল। তখন তো তো আপনার ভাল লেগেছিল।”

মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি বাংলার মানুষের উপর ভরসা করুন, মানুষ রায় দিয়ে দিয়েছেন। সকলে ঠিক করে ফেলেছেন আপনাকে তৃণমূল সমেত নবান্ন ছেড়ে বেরিয়ে যেতে হবে। কারণ দশ বছর আগে মানুষ আপনাকে সেবার সুযোগ দিয়েছিল, তাদের স্বপ্ন আশা আপনি ভেঙে দিয়েছেন। সব সরকারী প্রকল্পকে কাটমানি সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছেন”। মোদী দাবি করেন, “বাংলার মানুষ রায় দিচ্ছেন আপনি যাচ্ছেন দিদি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *