জয় শ্রীরাম শুনেই এখানে ছুটে যান, বারানসীতে ২ মিনিট অন্তর হর হর মহাদেব শুনতে হবে , কি করবেন দিদি ? কটাক্ষ মোদীর

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ৩ এপ্রিল: বাংলার ভোট পর্ব মিটলে ২০২৪ এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীকে পাখির চোখ করবে বলে সম্প্রতি শোনা যাচ্ছিল। আজ তারকেশ্বর এবং সোনারপুরের সভা থেকে এই নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানে জয় শ্রীরাম শুনেই ছুটে যান দিদি আর ওখানে তো দুই মিনিট অন্তর হর হর মহাদেব শুনবেন, তখন কি করবেন দিদি? কার ওপর রাগ দেখাবেন? মোদী রসিকতার সুরে বলেন, বারানসীর মানুষ দিদিকে ভালোবেসে ওখানেই রেখে দেবেন, দিল্লি আর যেতে দেবেন না।

পরবর্তী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল বা়ংলার বাইরে নিজেদের বিস্তারের পরিকল্পনা শুরু করেছেন বলে শোনা যাচ্ছিল। আজ সেই পরিকল্পনাকে নিয়ে রসিকতার সুরে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “দিদির পার্টি বলছে, দিদি বারানসি থেকে লোকসভায় লড়বেন। এটা থেকে দুটো কথা স্পষ্ট, দিদি বাংলায় নিজের হার স্বীকার করে নিয়েছেন তাই বাইরে যাওয়ার কথা ভাবছেন। দিদি এখন বাংলার বাইরে নিজের অন্য জায়গা খুঁজছেন। ভালো, বিধানসভায় হেরে লোকসভায় অবশ্যই জান।” মোদী আরও বলেন, “আমার বারানসী, কাশী, উত্তর প্রদেশের লোক এত বড় মনের অধিকারী যে ওরা আপনাকে বহিরাগত পর্যটক বলবেন না। বাংলার মানুষের মতোই ওদের মন বড়। ওখানে অনেক তিলক কাটা লোক পাবেন। টিকিধারী মানুষও দেখতে পাবেন। এখানে জয় শ্রীরাম শুনে ছুটে যান। ওখানে দুই মিনিট অন্তর হর হর মহাদেব শুনবেন। তখন কি করবেন? কার ওপর রাগ দেখাবেন? আমার প্রার্থনা বারানসী উত্তরপ্রদেশের মানুষের উপর রাগ করবেন না। ওখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। ওরা আপনাকেও ভালোবাসা দেবেন। দিল্লি যেতে দেবেন না। আপনাকে ওখানেই রেখে দেবেন ওরা‌”।

মোদী আজ হুঙ্কার দিয়ে বলেন, তৃণমূলের গুন্ডাদের সামলান দিদি। বলুন এখানে মোদী এসেছে। ওদের গুন্ডাগিরি এখানে আর চলবে না। বাংলা তৃণমূল গুন্ডাদের অত্যাচার হিংসা আর মানবে না। বাংলা নিজের মেয়েদের শিক্ষা চায়, সুরক্ষা চায়, সম্মান চায়, ন্যায় চায়। এবার বিজেপির হাত ধরে আসবে ন্যায়।

বাংলায় মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে মোদী বলেন, বাংলার হস্তশিল্পী কারিগর মা-বোনদের সঙ্গে কথা বললেই ওরা বলেন, ওদের কাজের উপর তোলাবাজি হয়। মহিলাদের জন্য কেন্দ্র বিনা গ্যারান্টি ঋণ দেয়, তোলাবাজদের নজর নাকি তার ওপরেও রয়েছে। মোদী প্রতিশ্রুতি দেন, ‘ডবল ইঞ্জিনের সরকার এলে এই সব সুবিধাই পাবেন বাংলার মহিলারা। গর্ভবতী মহিলাদের জন্য এক হাজার টাকা নগদ এবং টিকাকরণের সুবিধা দেয় কেন্দ্র। কিন্তু সেসব কিছুই বাংলার মহিলারা পান না। কেন্দ্র সরকার মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের দ্রুত বিচারের জন্য দেশজুড়ে এক হাজারের বেশি ফাস্টট্রাক কোর্ট গড়েছে। কিন্তু বাংলা সরকার সব আটকে রেখেছে, যা শুনলে বাংলার মহিলারা চমকে উঠবেন। বাংলার মা-বোনেদের ন্যায়বিচার থেকে বঞ্চিত রেখেছে দিদির সরকার। নারী পাচার আটকাতে থানায় থানায় বিশেষ সেল গঠনের জন্য কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। কিন্তু তৃণমূলের সরকার সেই টাকার সাথে ন্যায় করেনি।”

একই সঙ্গে মোদী আজ আবার বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে। ২ মে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এই মাটির সন্তানই সোনার বাংলা গড়তে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *