আমাদের ভারত, ১২ মার্চ: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরমতী আশ্রমে গান্ধী মূর্তিতে মাল্যদান করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। শুক্রবার সবরমতী আশ্রম থেকে ঐতিহাসিক ডান্ডি অভিযানের ৯১তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতীকী পদযাত্রা সূচনাও করেন নরেন্দ্র মোদী।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে “আজাদি কা অমৃত মহোৎসব” কর্মসূচীর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সবরমতী আশ্রমে জাতির পিতা মহাত্মা গান্ধী মূর্তিতে মাল্যদান করেন ও আশ্রমের হৃদয় কুঞ্জবনে গান্ধীজীর একটি প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। এছাড়া দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অভয় ঘাটে জান প্রধানমন্ত্রী। এখানে একটি বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।
জানা গেছে আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে নভবাড়ি জেলায় ডান্ডি পর্যন্ত ৩৮৬ কিলোমিটার প্রতীকী পদযাত্রায় শামিল হয় প্রায় কয়েকশো মানুষ। যাত্রা প্রথমভাগে নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
১৯৩০ সালে মহাত্মা গান্ধী যে পথে হেঁটেছিলেন সেই পথ ধরেই প্রায় এক মাস ধরে যাত্রা শেষ হবে ৫ এপ্রিল। ব্রিটিশ সরকারের শুল্ক নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। এই লবণ সত্যাগ্রহ ব্রিটিশ সাম্রাজ্যে ভীত নাড়িয়ে দিয়েছিল।
গতবছর লালকেল্লা থেকে স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশকে আত্মনির্ভর হতে দেশের মাটিতে উৎপাদন বাড়ানোর কথা বলেছেন তিনি। ভোকাল ফর লোকালের ডাক দেন তিনি।

