নেতাজির প্রেরণায় আত্মনির্ভর ভারত গঠনে উপযুক্ত ভূমিকা নিতে সোনার বাংলা গড়ার ডাক মোদীর

আমাদের ভারত, ২৩ জানুয়ারি: নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গঠনে সোনার বাংলা গড়ে রাজ্যবাসীকে উপযুক্ত ভূমিকা নেওয়ার ডাক দিলেন। তিনি বলেন, নেতাজি যেভাবে লক্ষ্য দুর্গম হলেও তাতে অবিচল থেকে ভারতকে স্বাধীন করার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আজ ভারতবাসীর লক্ষ্য আত্মনির্ভর ভারত গঠন করে নেতাজির স্বপ্ন পূরণ করা।

মোদী বলেন, নেতাজি সংকল্প নিয়েছিলেন ভারতের মাটিতে স্বাধীন সরকার গড়বেন। অখন্ড ভারতের প্রথম আজাদ হিন্দ সরকারের পতাকা তিনি আন্দামানে উড়িয়েছিলেন। নেতাজি দিল্লিতে লালকেল্লায় পতাকা ওড়ানোর যে স্বপ্ন দেখেছিলেন, দেশ তাঁর স্বপ্ন পূরণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নেতাজি যখন ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর ভাইপো শিশিরকে বলেছিলেন আমার একটা কাজ করতে পারবি? এরপর শিশির যেটা করেছিলেন সেটা দেশের স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হয়ে থেকে গেছে। নেতাজি ভবিষ্যতের দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন বিশ্বযুদ্ধ যত জোরদার হবে ভারতে ইংরেজের শক্তি তত কমবে। সেই সময় নেতাজি নিজের ভাইজিকে দক্ষিণেশ্বরে পাঠিয়েছিলেন মায়ের আশীর্বাদ আনতে। আজ প্রতিটি ভারতীয় বুকে হাত রেখে যদি নেতাজিকে মনে করেন তবে এই প্রশ্ন সকলের কানে বাজবে আমার একটা কাজ করতে পারবে? এই কাজ ভারতকে আত্মনির্ভর করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মোদী বলেন, নেতাজির মতো আজ আত্মনির্ভর ভারত গঠনে‌ আমাদের সংকল্প বদ্ধ হতে হবে। লক্ষ্য যতোই দুর্গম হোক দৃঢ় থাকতে হবে।

তিনি মনে করিয়ে দেন নেতাজি বলেছিলেন, নিজের প্রতি সৎ থাকলে বিশ্বের প্রতি অসততা সম্ভব নয়। স্বাধীন ভারতের স্বপ্ন কখনো হারিও। বিশ্বে এমন কোনও শক্তি নেই যা ভারতকে বেঁধে রাখবে। মোদী বলেন সত্যিই তাই, দুনিয়ায় এমন কোনও শক্তি নেই যা ১৩০ কোটির দেশকে আত্মনির্ভর ভারত তৈরি থেকে আটকে রেখেছে। নেতাজি অশিক্ষা, দারিদ্র্যকে সবচেয়ে বড় সমস্যা বলে মানতেন, সামাজিক ভাবনা দিয়ে সমাধান সম্ভব। আজ ভারতের প্রতিটি গরিব বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। দেশের কৃষকদের আধুনিক সুবিধা করে দেওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে আধুনিক করা হয়েছে। দেশে বহু আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, নতুন শিক্ষানীতি আসতে চলেছে।

মোদী বলেন, আমি অনেকবার ভেবেছি যে এই নতুন ভারত আকার নিচ্ছে তা দেখে নেতাজি কত খুশি হতেন। পৃথিবীর সমস্ত ক্ষেত্রে উনি যখন ভারতকে এগিয়ে যেতে দেখতেন তাঁর কেমন লাগত? আজ রাফায়েলের মত বিমান ভারতীয় সেনার হাতে রয়েছে। দেশের সেনার উন্নতি দেখে ওঁর কেমন লাগতো? এত বড় মহামারীর সঙ্গে ভারত যে এমন জোরদার লড়াই করেছে, ভ্যাকসিন বানিয়েছে তা দেখে উনি কত গর্বিত হতেন। নেতাজি যেখানেই থাকুন আমাদের দেখছেন আমাদের আশীর্বাদ করছেন ও স্নেহ দিচ্ছেন।

মোদী বলেন, সব‌ লক্ষ্য সরল সাধারণ হবে না, কিন্তু কিছু বিশ্বাস স্থির রাখলে তা সফল হবেই। লক্ষ্য যদি সৎ হয় তাহলে সাফল্য আসবে এই কথা নেতাজি শিখিয়েছেন। নেতাজির আত্মনির্ভর ভারতের পাশাপাশি সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। তাই নেতাজির মত আমরাও সফল হওয়ার আগে থামবো না। রাজ্য বাসীর উদ্দ্যেশ্যে মোদী বলেন, আপনারাও আত্মনির্ভর ভারত গঠনে সোনার বাংলা গড়তে নিজের প্রয়াস জারি রাখুন। কারণ সোনার বাংলা গড়ে উঠলে আত্মনির্ভর ভারতের গঠনের কাজ এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *