আমাদের ভারত, ২০ মার্চ: বাংলায় মমতা নয় নির্মমতার পাঠশালা চালাচ্ছে তৃণমূল। আজ খড়গপুরে ভোট প্রচারে এসে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, তার আক্রমণের নিশানায় ছিলেন যুব তৃণমূলের সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নাম না করেই তিনি বলেন বাঙলায় শুধু ভাই উইন্ডো চলছে।
নবান্ন দখলের টার্গেট নির্দিষ্ট করার থেকেই বাংলার শাসক দলকে আক্রমণ করতে পিসি-ভাইপো শব্দ ব্যবহার করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। বুয়া-ভাতিজা বলে আক্রমণ করেন মমতা এবং অভিষেককে। আজ সেই আক্রমণকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন মোদী। তাঁর বক্তব্য, দেশের অন্য রাজ্যের উন্নয়নের জন্য সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু আছে। আর বাংলার সিঙ্গেল উইন্ডো হলো ভাইপো-উইন্ডো। পশ্চিমবঙ্গে এই উইন্ডো দিয়ে না ঢুকলে কিছুই হবে না। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সুবর্ণরেখা এবং কংসাবতী নদীতে বেআইনি খননের তার কোথায় গিয়ে জুড়েছে তা সকলেই জানে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে তার বিচার হবে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
অন্যান্যবারের মতো এবারে ভোট প্রচারে এসেও মোদী নানা সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে ডেকেছেন। লোকসভা নির্বাচনের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের পথে বাধা দান কারী বলে স্পীডব্রেকার নামে ডেকেছিলেন। এছাড়াও কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের প্রকল্প বলে চালানোর অভিযোগ তুলে তিনি স্টিকার দিদিও বলেছেন। আজকেও ঠিক একইভাবে দিদিকে আক্রমণ করেছেন। তাঁর কথায় গত দশ বছরে রাজ্যে কোনও উন্নয়ন না করে এবারে ১০ অঙ্গীকার করেছেন। মোদী বলেন বাংলার উন্নয়নের পথে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ বিশ্বাস করেছিল দিদিকে। কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। ১০ বছর ধরে বাংলাকে ধ্বংস করেছেন। আর আজ দিদি ১০ অঙ্গীকারের কথা বলছেন।
মোদী বলেন,” বাংলার মানুষ আপনাকে ১০ বছর সময় দিয়েছিল কিন্তু আপনি লুটের রাজত্ব চালিয়েছেন। ১০ বছরের সুদ ঘুষ দুর্নীতির শাসন দিয়েছেন। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, দিদি দলের নির্মমতার পাঠশালা চালাচ্ছেন। সেই পাঠশালার সিলেবাস তোলাবাজি, সেই পাঠশালা সিলেবাস কাটমানি। দিদির পাঠশালার সিলেবাস সিন্ডিকেট। দিদির পাঠশালায় অত্যাচার এবং অরাজকতার প্রশিক্ষণ দেওয়া হয়।

