কাশীতে মোদী, রাজ্যে সুকান্ত, দিলীপ, শুভেন্দু সহ বিজেপি নেতৃত্ব “দিব্য কাশী ভব্য কাশী” কর্মসূচিতে সোমবার শিব পুজো দেবেন মন্দিরে মন্দিরে

আমাদের ভারত, ১২ ডিসেম্বর:
১৩ ডিসেম্বর সোমবার দেশজুড়ে “দিব্য কাশী ভব্য কাশী” কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। একদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেমন কাশীতে শিব পুজো করবেন‌ তেমনি দেশের বিভিন্ন রাজ্যের মতো এই রাজ্যের বিজেপি নেতারাও এই কর্মসূচির পালন করবেন। সেইমতো রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারকেশ্বরের শিব মন্দিরে পুজো করবেন। বাদ যাবেন না দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরাও।

বারানসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র। সেখানে কাশী বিশ্বনাথ ধাম নবরূপে তৈরি হয়েছে। সোমবার তারই দ্বার উদঘাটন করবেন প্রধানমন্ত্রী ও সেখানে শিবপুজো করবেন প্রধানমন্ত্রী নিজে। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে বিজেপি তরফে দিব্য কাশী অভব্য কাশী কর্মসূচি নেওয়া হয়েছে।

তবে শুধু কি দিনটিকে স্মরণীয় করে রাখা, এই কর্মসূচির মাধ্যমে বিজেপি দেশবাসীকে বার্তাও দিতে চেয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, মোদী মানেই বিকাশ। কাশী বিশ্বনাথ ধামের এই নবনির্মানের পর তার আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। যার সুবিধা সেখানে যাওয়া তীর্থযাত্রীরা পাবেন। একই সঙ্গে হিন্দু সংস্কৃতি ঐতিহ্য পুনুরুদ্ধারের কাজ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শুরু করেছে। সেটা আগামী দিনেও আরও এগিয়ে যাবে। এই বার্তা দিতেই সোমবার দেশজুড়ে দিব্য কাশী ভব্য কাশী কর্মসূচি পালন করা হবে।

সোমবার সকালে তারকেশ্বরের শিব মন্দিরে পুজো দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন বর্ধমানের ১০৮ শিব মন্দিরে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থাকবেন নিমতলা শ্মশান ঘাটের কাছে ভূতনাথ মন্দিরে। রাজ্য বিজেপির অন্যান্য নেতা এবং জনপ্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার একটি শিব মন্দিরে পুজো দেবেন রাজ্য বিজেপির মুখপাত্র। আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল থাকবেন কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে।

এর আগে দুদিন ধরে বিজেপির নেতৃত্ব মন্দির চত্বর পরিষ্কার ও স্বচ্ছতা অভিযানে অংশ নেন। হিন্দু সংস্কৃতি তথা ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *