২মে হারার পর তৃণমূল দলটা উঠে যাবে কিনা তাই এখন চর্চার বিষয় : মোদী

আমাদের ভারত, ৬ এপ্রিল: একদিকে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। অন্যদিকে হাওড়ার ডুমুরজলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন,”তৃণমূলের অন্দরে নেতাদের নিয়ে যে রাগ ছিল প্রতিদিনে তা বেড়ে উঠছে। ২ মে হারের পর তৃণমূল দলটা উঠে যাবে কিনা তাই এখন চর্চার বিষয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দিদির দল পোলিং এজেন্ট পাচ্ছে না।”

মোদী বলেন, কিছুদিন আগে পর্যন্ত নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পোলিং এজেন্টদের বাধা দেওয়ায় অভিযোগ তুলেছিলেন তিনি। এখন প্রকাশ্যেই মানছেন পোলিং এজেন্টরা বিদ্রোহ করছে। গ্রামেগঞ্জে মা-বোনেরাই তৃণমূলের বিরোধিতা করছেন। তারাই পরিবারের মানুষের ওপর চাপ দিচ্ছেন যে দমনকারী সরকারকে প্রত্যাখ্যান করতে হবে।”

মোদী দাবি করেন, দিদির তোলাবাজ, সিন্ডিকেট, অন্যায় অত্যাচার এবং হত্যাকারী সরকারের উপর সকলে ক্ষুব্ধ। তাঁর কথায় বাংলার এবারের নির্বাচন অভূতপূর্ব। ১০বছরে দিদি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবার বাংলার মানুষ ওঁকে জবাব দিচ্ছে।

মোদী বলেন, ক্ষুদ্র মাঝারি শিল্প একসময় বাংলার শক্তি ছিল। আজ কি পরিস্থিতি তা সকলেই দেখতে পাচ্ছেন। বছরের পর বছর ধরে চলে আসা কুশাসন এবং দিদির সরকারের দুর্নীতির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়।

মমতার উদ্দেশ্যে মোদী বলেন, আপনার খেলা এবার বন্ধ হবে। ২ মের পর ডাবল ইঞ্জিন সরকার হাওড়া সহ গোটা বাংলায় আসল পরিবর্তনের জন্য কাজ করতে আসছে। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই গরিব কৃষক, শ্রমিক ও মধ্যবিত্তদের রেহাই দেওয়ার কাজ শুরু হবে। মোদী প্রতিশ্রুতি দেন,”দিদি যে টাকা আটকে রেখেছিলেন সকলের হাতে আমরা তা তুলে দেব। আপনাদের কাজ করে দেখাবো আমরা। ইস্ট-ওয়েস্ট মেট্রো গড়ে সময় মানুষের সময় বাঁচিয়েছি আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *