আমাদের ভারত, ৬ এপ্রিল: এবারের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে তৃণমূল মেরুকরণ রাজনীতির অভিযোগ তুলেছে বারবার। ভোট ভাগাভাগি নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসক দল। আজ কোচবিহারের সভা থেকে মোদী এই প্রসঙ্গ টেনে বলেন, দিদি আপনি নিজের হারের ভয়ে মুসলিমদের বলেছেন সব মুসলিম এক হও। অথচ আমি যদি বলতাম সব হিন্দু এক হও তাহলে কি হতো? কমিশনের সমালোচনা করা নিয়েও মোদী কটাক্ষ করেন মমতাকে। মোদী দাবি এর থেকেই স্পষ্ট হচ্ছে যে দিদি নিজেও বুঝতে পারছেন যে তিনি নির্বাচনে হারছেন।
মোদী বলেন, “সম্প্রতি আপনি বলছেন সব মুসলমান এক হও। ভোট ভাগ হতে দিও না। দিদি আপনি এটা বলছেন কারণ আপনি বুঝেছেন যে মুসলিম ভোট ব্যাংকের ভরসায় আপনি চলতেন, সেই মুসলিম ভোটব্যাঙ্কও আজ আপনার হাতের বাইরে। মুসলিমরাও আপনার থেকে মুখ ফিরিয়েছে। এর থেকেই স্পষ্ট হচ্ছে, আপনি হারছেন।
মোদী আরও যোগ করেন,”আমরা যদি বলতাম সব হিন্দু এক হও তাহলে কমিশন আট-দশটা নোটস পাঠিয়ে দিত। প্রধানমন্ত্রীকেও নোটিশ দিতো। সারা দেশে খবরের কাগজে প্রথম পাতায় খবর হত, হাজার হাজার এডিটোরিয়াল লেখা হতো সংবাদমাধ্যমে। দিদি জানিনা কমিশন আপনাকে নোটিশ পাঠিয়েছে কিনা। দিদি আপনি বলছেন মুসলমান এক হও মুসলিম এক হও। এটাই বলে দেয় আপনি নির্বাচনে হারছেন।”
আজকের জনসভায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করার জন্যেও মমতাকে একহাত নেন মোদী। তিনি বলেন, “দিদি আপনি কমিশনকে গালাগালি দিচ্ছেন। অথচ এই নির্বাচন কমিশনের জন্যেই আপনি ক্ষমতায় আসতে পেরেছেন। আজ সেই নির্বাচন কমিশনকেই গালি দিচ্ছেন। নাগরিকদের ইচ্ছে ইভিএমে বন্দি হয়। এখন দিদির ইভিএমেও আপত্তি। কমিশনকে গালাগালি দেওয়া থেকে স্পষ্ট হয়, আপনি হারছেন।”
মোদী বলেন, “দিদি আপনি আগে কেন্দ্রীয় বাহিনীর জন্য সরব হতেন এখন বাহিনীকেও গালি দিচ্ছেন। এটা প্রমাণ করে আপনি হারছেন।”

