প্রথম চার দফাতেই সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি, মমতা নন্দীগ্রামে ক্লিন বোল্ড দাবি মোদীর

আমাদের ভারত, ১২ এপ্রিল: রাজ্যের প্রথম চার দফার নির্বাচনেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলছে বিজেপি। বর্ধমানের তালিতের জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন ১০০টা আসন প্রথম চার দফাতেই পেয়ে গেছে পদ্মশিবির। মোদী বলেন হারছেন দেখেই হতাশায় ভুগছেন দিদি আর সেই জন্যেই এত তিক্ত কথাবার্তা বলছেন তিনি।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “বর্ধমানের দুটি জিনিস বিখ্যাত। চাল মিহিদানা। বর্ধমানের মিহিদানা কি দিদি পছন্দ করেন না?তাহলে ওর এত তিক্ততা কোথা থেকে আসছে? আসলে দিদির হতাশা ক্রমেই বাড়ছে।”মোদীর কথায়, এখনও পর্যন্ত মাত্র চার দফা ভোট গ্রহণ হয়েছে। অর্ধেক নির্বাচনেই তৃণমূলকে মানুষ সাফ করে দিয়েছেন। চার দফাতেই বাংলার জনগণ এত চার ছক্কা মেরেছে যে বিজেপি সেঞ্চুরী করে ফেলেছে। যারা মানুষের সঙ্গে খেলার কথা ভাবছিল তাদের খেলা শেষ হয়ে গেছে। আপনারাই বলুন দিদির রাগ তো স্বাভাবিক নাকি?”

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার হারছেন বলে জোরালো দাবি করলেন মোদী। তাঁর কথায়, “নন্দীগ্রামের মানুষ দিদিকে ক্লিন বোল্ড করে দিয়েছেন। বাংলায় দিদির ইনিংস শেষ। দিদির বড় পরিকল্পনা এবার ফেল করে ফেলে দিয়েছেন বাংলার মানুষ।”

মোদী বলেন, বাংলার মানুষ দূরদৃষ্টি সম্পন্ন ও বুদ্ধিমান। দলের অধিনায়কত্ব দিদি নিজের ভাইপোর হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু জনতা এই খেলা সময়ের আগেই ধরে ফেলেছে। তাই দিদির গোটা টিমকে ময়দান ছাড়া করেছে মানুষ। মোদী আরো বলেন, “দিদি এটাও জানেন কংগ্রেস ক্ষমতা হারানোর পর আর ফেরেনি, বামেরাও তাই। দিদি আপনি গেলেও আর ফিরতে পারবেন না।” মোদী দাবি করেন, “দিদি নাকি ওনার ঘনিষ্ঠদের কথাবার্তা বলার সময় বলে দিচ্ছে বড় হারের মুখ দেখতে চলেছে তৃণমূল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *