অসম, বাংলা ও কেরলে হারের পর কোমা থেকে বেরোতে পারেনি অথচ আমাদের নিয়ে উদ্বিগ্ন: কংগ্রেসকে কটাক্ষ মোদীর

আমাদের ভারত, ২১ জুলাই: বিজেপির সাংসদদের বৈঠকে
করোনা মোকাবিলায় নিজেদের সরকারের কাজকর্ম তুলে ধরতে গিয়ে কংগ্রেসকে ব্যাপক আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় রয়েছে এটা হজম করতে পারছে না কংগ্রেস। অসম, বাংলা ও কেরলে হারের পর কোমা থেকে বেরোতে পারেনি অথচ আমাদের নিয়ে উদ্বিগ্ন।

কংগ্রেসের আচরণকে দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভাগ্যজনক বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির সাংসদদের উদ্দ্যেশ্যে তাঁর নির্দেশ সরকারের কাজকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে। বিরোধীদের মিথ্যাচার যেনো পরিসর কোনোভাবেই দখল করতে না পারে।‌ তাঁর মতে কংগ্রেসের ক্ষমতায় থাকার অভিলাশ তাদের বিরোধী দলের ভূমিকা পালনে বাধা দিচ্ছে। কংগ্রেস প্রায় ৬০ বছর দেশে রাজত্ব করেছে। এখনো তাতেই বিভোর রয়েছে। মানুষ যে আমাদের বেছে নিয়েছে এটা তারা মানতে পারছে না। বিরোধী হিসেবে সাধারণ মানুষের উন্নয়নের ইস্যুগুলি তাদের তুলে ধরা উচিত, কিন্তু সেটা তারা কখনোই করছে না।

টিকার যোগান কম নেই অথচ কংগ্রেস দেশে নেতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের ভোট কমছে সব জায়গায়। কংগ্রেস পড়তির দিকে। কিন্তু তাও নিজেদের থেকে আমাদের নিয়ে বেশি উদ্বেগে রয়েছে তারা।

কোভিডকে রাজনৈতিক ভাবে নয় বরং মানবিক দিক থেকে দেখা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, অতিমারীতে একজনও যাতে অনাহারে না থাকে তা নিশ্চিত করেছে সরকার। আগামী ২৪ ও ২৫ জুলাই বিনামূল্যের রেশন দেওয়া হবে। বিরোধীদের অপপ্রচারের জবাব দিতেই দুদিন বিজেপি নেতাদের দোকানে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *