শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ২১ মার্চ: আরে দিদি–ইই , ও— দিদি, দিদিইইই আজকেও এভাবেই নানা সুরে দিদি ডেকে বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন ২মে দিদি যাচ্ছে, আর আসল পরিবর্তন আসছে। বললেন দিদির ভ্রষ্টাচার,সিন্ডিকেট, কাটমানির খেলা আর চলবে না। এবার বাংলায় উন্নয়ন, বাংলার গৌরব বৃদ্ধি তথা গরীবের সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসছে।
হাতে গোনা মাত্র আর কটা দিন বাকি প্রথম দফায় ভোটের। তার আগে শেষ রবিবার রাজ্যে নিজেদের প্রচারকে তুঙ্গে তুলল বিজেপি। একদিকে অমিত শাহ অন্যদিকে মোদী, নিজেদের স্টার প্রচারকদের কাজে লাগিয়ে লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস তথা বিরোধী দলগুলিকে বুঝিয়ে দিলেন সূচাগ্র মেদিনীও তারা ছাড়ছেন না। লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় দারুণ ফল করেছিল বিজেপি। তাই সেই জায়গাকে ধরে রাখতে প্রচারে একটুও কার্পন্য করেনি পদ্ম শিবির।
অন্যন্য সভার মতো এদিন বাঁকুড়াতেও সভার প্রথমেই মোদী স্মরণ করেন বাঁকুড়ার বরেন্য মানুষদের। প্রণাম জানান মা সারদাকে। স্মরণ করেন সীধু কানহুর মতো বীর স্বাধীনতা যোদ্বাদের। তুলে আনেন ভগবান শ্রীরামের সাথে আদীবাসী বা বনবাসী মানুষের যোগসূত্রের কথা। মনে করিয়ে দেন রামের ১৪ বছর বনবাসে আদিবাসী মানুষের কাছে কিভাবে তিনি সংকট মোচন হয়ে উঠেছিলেন।
তৃণমূলের মা মাটি মানুষের স্লোগানের প্রসঙ্গ টেনে তিনি বলেন দিদির দল তোষণের রাজনীতি করে, দুর্নীতি অপশাসন দিয়ে মা মাটি মানুষের অপমান করেছে। মোদী প্রতিশ্রুতি দেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মায়ের পূজা হবে, মাটির তিলক হবে আর মানুষের সম্মান হবে। তিনি বলেন দিদি ১০ বছর আগে যদি নিজের আসল চেহারাটা দেখিয়ে দিতেন তাহলে বাংলার মানুষ কখনো তাকে ক্ষমতায় আনতো না। বিজেপি ক্ষমতায় এলে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, ঘরে ঘরে বিদ্যুৎ , নলবাহিত জল, গ্রামে গ্রামে ইন্টারনেট, সহ সোনার গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

