আমাদের ভারত, ৩ নভেম্বর:
পেঁয়াজ কাটলে চোখে জল আসে, কিন্তু এবার পেঁয়াজ কিনতেও চোখে জল আসছে। দুর্গা পুজোর পর দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ বিক্রি হচ্ছে কম বেশি ৮০ টাকা কেজি দরে। এবার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বড় পদক্ষেপ করল মোদী সরকার।
ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা নাফেড রাজ্যগুলির খাদ্য দপ্তরের সঙ্গে যুগ্মভাবে পেঁয়াজ বিক্রি করবে। তাও মাত্র ২৫ টাকা কিলো দরে। তবে একজন ক্রেতা একসঙ্গে দু’ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। কালোবাজারি রূখতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
জানাগেছে দিল্লি, জয়পুর, বিকানের, কোটা, চন্ডিগড়, জলন্ধর, ভূপাল, রায়পুর ও হায়দ্রাবাদের মতো মোট ১২ টি শহরে অল্প দামে পেঁয়াজ বিক্রি হবে। ভবিষ্যতে আরো বেশকিছু শহরে পেঁয়াজ বিক্রি করবে কেন্দ্র।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে নাফেডের একজন কর্তা জানিয়েছেন, পেঁয়াজের মূল্য বৃদ্ধি থেকে আমজনতাকে কিছুটা রেহাই দেওয়ার চেষ্টা করছে সরকার। তাই পুরনো স্টক থেকে তাদের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আসলে উৎসবের মরসুমে বাড়তে থাকা চাহিদা ও যোগানের ঘাটতির মেলবন্ধনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বহু রাজ্যে বৃষ্টির পরিমাণ গড় পরিমাণের চেয়ে কম। এরই ফলশ্রুতি পেঁয়াজের এই আগুন দাম। মহারাষ্ট্রের সরকার পেঁয়াজ রপ্তানির উপর ৩০ শতাংশ কর চাপিয়েছে। ফলে অন্য রাজ্যে সেই পেঁয়াজ পৌঁছলেও দাম কমবে না বলে মনে করছে অনেকে।

