আমাদের ভারত, ১৪ আগস্ট: দেশভাগের বেদনা এবং ভয়াবহতাকে স্মরণ করতে ১৪ আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের আগের দিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী বলেন, “দেশভাগের যে যন্ত্রনা, সেই স্মৃতি কখনো ভোলা যায় না। হিংসায় পড়ে আমাদের বহু ভাইবোন ঘরছাড়া হয়েছেন। প্রাণ হারিয়েছেন। তাদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগকে স্মরণ করেই ১৪ আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
১৪ আগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা ছাড়াও বিভাজন ভুলে ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সামাজিক বিভাজন হানাহানির যে স্মৃতি দেশবাসীর মনে গেঁথে গিয়েছে সেই বিভাজন ও হানাহানি থেকে দেশকে মুক্ত করতে এবং ঐক্যের পরিবেশ গড়ে তুলতে এই দিনটিকে স্মরণীয় করা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, “এই বিভাজন বিভীষিকা দিবসে আমাদের মনে করিয়ে দেবে সামাজিক বিভাজন অনৈক্যেকে আমাদের ছুড়ে ফেলে দেওয়া উচিত। ঐক্যের পরিবেশ গড়ে তুলে সমাজকে আরো মজবুত করার পথে এগোতে হবে।”
১৯৪৭ সালের ১৪ আগস্ট দেশ ভাগ হয়েছিল। আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছিল ভারত ও পাকিস্তানের। দেশভাগের সেই যন্ত্রণার দিনটিকে বিভাজন বিভিষিকা দিবস হিসেবে পালন করলেন মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে কংগ্রেস নেতাদের দাবি, মেরুকরণের নতুন কৌশলের গন্ধ রয়েছে এতে। তাদের মতে “দেশভাগ অবশ্যই বেদনাদায়ক ঘটনা কিন্তু সেই স্মৃতি উস্কে দেওয়া আসলে আরও বিভাজনের কৌশলমাত্র”

