এবার করোনা টেস্ট হবে মোদীরও

আমাদের ভারত, ২৮ আগস্ট: সংসদের বাজেট অধিবেশন শুরুর অন্তত ৭২ ঘন্টা আগে প্রত্যেক সাংসদকে করোনা টেস্ট করাতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সকলকেই বাদল অধিবেশনে যোগ দেওয়ার আগে এই নির্দেশ মেনে করোনা পরীক্ষা করতে হবে।

আগামী ১৪সেপ্টেম্বর শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তবে শুধু সংসদরাই নন, সংসদে উপস্থিত সমস্ত সরকারি আধিকারিক এবং যারা সংবাদ সংগ্রহের জন্য ওই সময় সংসদে উপস্থিত থাকবেন সেইসব সাংবাদিকদেরও করোনা পরীক্ষা করাতে হবে। একইসঙ্গে ঘোষিত সময়ের মধ্যে সাংসদদের পরিবারের প্রতিটি সদস্যকেও টেস্ট করানোর আবেদন করেছেন স্পিকার।এমনকি সাংসদদের যারা স্টাফ তাদেরকেও এই নির্দেশ মানতে হবে।

এছাড়া অধিবেশন চলাকালীন প্রয়োজন মনে হলে যেকোনো সাংসদের করোনা টেস্ট হবে বলেও জানিয়েছেন তিনি। বাদল অধিবেশন শুরুর প্রস্তুতি পর্ব পর্যালোচনায় এদিন বৈঠক করেন স্পিকার। করোনা পরিস্থিতিতে কীভাবে সুরক্ষিত উপায় বাদল অধিবেশন চালানো হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের পরেই স্পিকার জানান স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বিধি মেনেই সংসদ কক্ষে বসার ব্যবস্থা করা হবে। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে তার দিকে নজর রাখা হবে।

অধিবেশন চলা কালীন জিরো টাচ সিকিউরিটি চেক আপ হবে। সংসদের সদস্যদের সর্বোচ্চ সুরক্ষার কথা মাথায় রেখেই সমস্ত আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান। পয়লা অক্টোবর পর্যন্ত চলবে এই বাদল অধিবেশন। প্রতিদিন লোকসভা অধিবেশন শুরু হবে সকাল ন’টায় এবং রাজ্যসভা অধিবেশন শুরু হবে বিকেল তিনটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *