কোনও কারণে ব্যাংক গ্রাহকদের টাকা শোধ করতে না পারলেও সবার টাকা সুরক্ষিত, আশ্বস্ত করলেন মোদী

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: একের পর এক ব্যাংকের বেসরকারিকরণ হচ্ছে। আর তা নিয়ে আমআদমির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কিন্তু ব্যাংক বেসরকারিকরণের এই আবহে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী। রবিবার ব্যাংক আমানত বীমা শীর্ষক এক অনুষ্ঠানে সাধারন গ্রাহকদের আশ্বাস্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যদি কোনও কারনে ব্যাংক, গ্রাহকদের টাকা শোধ করতে না পারে, তাহলেও সব গ্রাহকের টাকা সুরক্ষিত।

মোদী বলেছেন, তাঁর সরকার ৯৮.২ শতাংশ গ্রাহকের টাকা সুরক্ষিত করে ফেলেছে বীমার মাধ্যমে। ব্যাংকের গ্রাহকদের মোট ৭৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বীমা সুরক্ষার আওতায় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার পর নিয়মে বদল এনেছি। আমরা ব্যাংক ডিপোজিটে বীমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছি।”

মোদী জানিয়েছেন, মধ্যবিত্তদের ভীতি দূর করতে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যে যাতে গ্রাহকরা তাদের টাকা ফেরত পায় সেটা নিশ্চিত করবে তার সরকার। আজ ব্যাংকের অনুষ্ঠানেও কংগ্রেসকে কটাক্ষ করতে পিছপা হননি প্রধানমন্ত্রী। মোদী বলেন, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বারবার অনুরোধ করতেন, এই টাকা ফেরতের উর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হক। কিন্তু তার কথা শোনা হয়নি। সেজন্যেই মানুষ তাঁকে ক্ষমতায় পাঠিয়েছে। তাঁরা সেই কাজ করেও দেখিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় পর্যন্ত নিয়ম ছিল কোনো ব্যাঙ্ক যদি গ্রাহকের টাকা ফেরাতে অসমর্থ হয়, তাহলে সরকার বিমার মাধ্যমে সেই গ্রাহককে ১ লক্ষ টাকা পর্যন্ত ফিরিয়ে দেবে। মোদী সরকারের আমলে সেই নিয়ম বদলে ফেরত দেওয়া টাকার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করা হয়। অর্থাৎ হঠাৎ কোনও ব্যাংক যদি ডুবে যায় তাহলে সেই ব্যাংকে আমানতকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

গত দুবছর ধরে এনডিএ সরকার রুগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারিকরণ এবং সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করেছে। শীঘ্রই আরও একাধিক ব্যাংক বেসরকারিকরণের পথে এগোবে বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে ব্যাংক নিয়ে দেশবাসীকে আবারও একবার আশ্বস্ত করার চেষ্টা করলেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *