Sujoy Hazra, Midnapur, বিধায়ক সুজয় হাজরার উদ্যোগ, একটি অত্যাধুনিক জেনারেটর সেট উপহার ‘মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আরোগ্য নিকেতন’কে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে বিধায়ক তহবিল থেকে একটি অত্যাধুনিক জেনারেটর সেট প্রদান করা হলো ‘মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আরোগ্য নিকেতন’কে।

আজ মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আরোগ্য নিকেতনের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে বলে জানা যায়। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ তথা রোগী পরিষেবা ইউনিটে বিদ্যুৎ বিভ্রাটের সময় যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্যেই বিধায়ক তহবিল থেকে সাড়ে চার লক্ষ টাকার এই অত্যাধুনিক জেনারেটর সেট প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশন কর্তৃপক্ষ, মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌ রায়, স্থানীয় কাউন্সিলর মৌমিতা চৌধুরী, চিকিৎসকবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজয় হাজরা বলেন, “মানুষের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। মেদিনীপুরের মানুষের স্বার্থে উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চলবে।”

রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ বিধায়কের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই জেনারেটর সেট হাসপাতালের পরিষেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিশেষ সহায়ক হবে।

উল্লেখ্য, মেদিনীপুর বিধানসভা এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ণ করে চলেছেন বিধায়ক সুজয় হাজরা। এই উদ্যোগ সেই উন্নয়ন ধারারই আরেকটি উল্লেখযোগ্য সংযোজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *