আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ

আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুন: নারায়ণগড় বিধানসভা এলাকায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সবাইকেই সাহায্যের আশ্বাস দিলেন সেখানকার বিধায়ক প্রদ্যুৎ ঘোষ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দুর্যোগের পর পাওয়া সাতদিনের রিপোর্টে দেখা গেছে বারোশো থেকে তেরোশো বাড়ি আমফান ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দশ হাজার বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। সমস্ত ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জেলাশাসকের মাধ্যমে নবান্নে তালিকা পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা সকলেই আমাদের সরকার দ্বারা ক্ষতিপূরণ পাবেন বলে আমরা নিশ্চিত। কিছু কিছু ক্ষেত্রে কাগজপত্রের সমস্যা থাকলেও প্রশাসনিকভাবে সেগুলি ঠিক করা হচ্ছে। এর আগে বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পেয়ে গেছেন। যাদের শস্যহানি হয়েছে কিষাণ বিকাশ কার্ড থাকলে তারাও ক্ষতিপূরণের টাকা পাবে।

এদিকে লকডাউন শিথিল হওয়ার পর নারায়ণগড় এলাকায় দেখা গেছে দোকান বাজারে মানুষের গাদাগাদি করা ভিড়। তাদের অধিকাংশেরই মুখে কোনো মাস্ক নেই। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, রাস্তাঘাটে দেখা যায় ৬০% বাইক আরোহী হেলমেট পড়েন না। বিষয়টাকে তারা অনেক সহজ মনে করেন। এক্ষেত্রেও মানুষ করোনা প্রতিরোধের বিষয়টি সহজভাবে নিচ্ছেন। মানুষ নিজে সচেতন না হলে সরকার তা করতে পারে না। সরকার শুধু চেষ্টাই করতে পারে। তবে এক্ষেত্রে প্রশাসনেও কিছুটা ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে। প্রদ্যুৎ ঘোষ বলেন, ভারতে যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই আবার লকডাউন ঘোষণা করতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *