বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার মধ্যেই আয়কর হানার হুমকির অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল তৃণমূলের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: বুধবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার ভেতরেই আয়কর হানার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল বের করলো তৃণমূল কংগ্রেস।

এদিন রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে আশা টকিজের সামনে এসে মিছিলটি শেষ হয়। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনুপ কর, অনিরুদ্ধ সাহা, সারাবাংলা শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগসহ অন্যান্য নেতৃত্ব মিছিলে পা মেলান।

উল্লেখ্য, বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করেন। সেই সময় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় সহ কয়েকজন তার প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরেই কৃষ্ণ বাবুর বাড়িতে আয়কর হানার হুমকি দেন বিরোধী দলনেতা। আরো অভিযোগ, প্রতিবাদী কয়েকজন বিধায়ককে প্রাণ নাশের ও হুমকি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়ক।

জানা গিয়েছে, এই প্রস্তাব গ্রহণ করে বিধানসভার স্পিকার প্রিভিলেজ কমিটিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তৃণমূল সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুভেন্দুবাবুর এই হুমকির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রায়গঞ্জে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।

রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার বলেন, “রায়গঞ্জের বিধায়ককে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। জনগণের সমর্থন না পেয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে ব্ল্যাকমেলের রাজনীতি করছে বিজেপি। এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *