পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাঁকরাইলে গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ মিছিল বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতোর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ জুলাই:
শনিবার ঝাড়গ্রাম জেলায় সাঁকরাইল ব্লক এর জোড়াশাল থেকে সাঁকরাইল থানা পর্যন্ত দুই কিলোমিটারের বেশি গরুর গাড়ির মিছিল করে অভিনব পদ্ধতিতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালন করে গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো ও তৃণমূল কংগ্রেস কর্মীরা।

খগেন্দ্র নাথ মাহাতো বলেন, দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে শনিবার ও রবিবার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি, মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাই সাঁকরাইল ব্লকে এই কর্মসূচি শনিবার পালন করা হয়। কেন্দ্র সরকার চুপ করে বসে রয়েছে। প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। সেদিকে নজর দেওয়ার সময় নেই। অথচ ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল মানুষকে তারা ভালো দিন দেখাবে। এটাই কি ভালো দিনের নমুনা? যেভাবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ছেন। তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন।

কেন্দ্র সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। কেবল দেশটাকে বিক্রি করার চক্রান্ত শুরু করছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তিনি বলেন, দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচি শনিবার ও রবিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় পালন করা হবে। আজকের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলাকান্ত রাউৎ, তৃণমূল যুব কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি পিন্টু মাহাতো ও তৃণমূল কংগ্রেসের নেতা অনুপ মাহাতো সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *