পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বুধবার এই কর্মসূচিতে পা মিলিয়ে শালবনীর বিভিন্ন গ্রামে নিজের বিধানসভা এলাকায় দিনভর ঠাসা কর্মসূচিতে কাটালেন তৃণমূলের তারকা বিধায়ক জুন মালিয়া। সকাল সকাল কর্ণগড় মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি ঘুরে কর্মসূচি শুরু করেন। গিয়েছেন মঙ্গলমারি, কাছারিরোড, ভাবরিগেড়িয়া, কড়েদানা, কুতুরিয়া, ডাঙরপাড়া, বালিজুড়ি প্রভৃতি গ্রামও।

একের পর এক গ্রাম যাওয়ার পথে পথ চলতি মানুষের কাছে জেনে নেন রাজ্য সরকারের ১৫ টি প্রকল্পের সুবিধা পেতে তাঁদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাড়ি বাড়ি গিয়ে বলেন, “আমি দিদির দূত হয়ে এসেছি। আপনার কোনো সমস্যা থাকলে বলুন।”
নিজের বিধানসভা এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে জনসংযোগে সামিল হয়ে তারকা বিধায়ক জুন মালিয়া সকলকে আপন করে নেন। মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনীর কর্ণগড় গ্রামপঞ্চায়েতে এদিন জনসংযোগ সারেন তিনি। কাছারিরোডে গোদাপিয়াশাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন।
দুপুরে ভাবরিগেড়িয়ায় তৃণমূল কর্মী চণ্ডী ঘোষের বাড়িতে সারেন মধ্যাহ্নভোজও। গ্রামে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের অভাব অভিযোগের কথাও শুনেন তিনি।

