আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ জানুয়ারি: হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার ঘটনায় কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলেন ভরতপুরের বিধায়ক। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন হুমায়ুন কবির।
গত ২৬ ডিসেম্বর একাধিক জামিন যোগ্য ও জামিন অযোগ্য ধারায় ভরতপুর থানার ওসি রাজু মুখার্জি মামলা দায়ের করে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১৬৬, ১৮৯ , ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় মামলা রুজু করে। ১৬৬ ল অ্যান্ড অর্ডার ভঙ্গ ও আইন অমান্য, ১৮৯ হুমকি দেওয়া, ৫০৪ উস্কানি দেওয়া, ৫০৫ সরকারি কর্মচারীদের অসম্মান ও ৫০৬ অপরাধ করার ইচ্ছা ও হুমকি দেওয়া এই সমস্ত ধারায় মামলা রুজু করা হয়। সোমবার কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে আত্মসমর্পণ করলে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান এবং আগামী ৩১ মার্চ তার শুনানি দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকের মাঝেই ভরতপুর থানার ওসি রাজু মুখার্জির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির, ভরতপুরের ওসি রাজু মুখার্জি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বলেন, “টারজানকে ওসি ফোন করেছিল, আমি টারজানকে পরিষ্কার বলে দিয়েছি, তুমি ওসিকে বলো যে তোমাকে দালালি বন্ধ করতে। বলছি যদি ওসি থাকার ইচ্ছে থাকে ভরতপুরে, আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে বাধ্য করবো তাবরি গোটাতে। থানার সামনে গিয়ে বসবো, টেবিলের উপর পায়ে পা দিয়ে, তখন ঠিক বুঝতে পারবা হুমায়ুন কবির কি জিনিস, অটোমেটিক তুমি এখান থেকে ছেড়ে চলে যাবা” । এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। সেই হুঙ্কার ভাষণের ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় সোমবার সকালে কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।

