পুরুলিয়ায় বাঙালিয়ানায় মধ্যাহ্ন ভোজন মিঠুনের

সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর: মুম্বইয়ের বাসিন্দা হলেও বাঙালিয়ানায় মধ্যাহ্ন ভোজন সারলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ার হুড়ার লোধুড়কা গ্রামের দলীয় কর্মী সম্মেলন শেষে দুপুরে ডাল ভাত খেলেন বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী।

বিজেপির পুরুলিয়া জেলা সহ সভাপতি ফাল্গুনী চ্যাটার্জির বাড়ি লোধুড়কা গ্রামে। তাঁর বাড়িতেই দুপুরের খাবারের আয়োজন হয়েছিল। ওই বিজেপি কর্মকর্তার তিরাশি বছরের মায়ের তত্ত্বাবধানে রান্না করেন তিন বোন জ্যোৎস্না, মৌসুমী এবং কৃষ্ণা। পায়ের সমস্যার জন্য মাটিতে নয়, টেবিলে কাঁসার থালা বাটি গ্লাস ছিল। কাগজি লেবু, নুন ছাড়াও পদে ছিল আলু ও বেগুন ভাজা, শাক, ভাত, রুইয়ের মাথা দিয়ে মুগের ডাল, ফ্রাইড রাইস, পোলাও, রুই পোস্ত, ফুল কপির তরকারি, চচ্চড়ি, পনির, কাতলা মাছের কালিয়া, চার রকম মিষ্টি, দই, পায়েস, চাটনি প্রভৃতি। একেবারে আয়েস করে তৃপ্ত হন বাঙালি বাবু। মুম্বই থেকে ৪৮ ঘণ্টার টানা যাত্রা ক্লান্তি দেখা যায়নি তাঁর।

বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিজের বাড়িতে খাওয়াতে পেরে অভিভূত চ্যাটার্জি পরিবার। বিজেপির অন্যতম এই জেলা কার্যকর্তা ফাল্গুনী চ্যাটার্জি বলেন, “আমরা ভাগ্যবান। আমার মা বোনেরা ভোর রাত থেকে খাবার তৈরির প্রস্তুতি শুরু করেছিলেন। মিঠুনদা খাবার খেয়ে আয়োজন ও রান্নার প্রশংসা করেন। এতেই আমরা পরিতৃপ্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *