রাজেন রায়, কলকাতা, ২১ মার্চ: কলকাতার জোড়াবাগানের এঁদোগলি থেকে শুরু হয়েছিল গৌরাঙ্গ চক্রবর্তীর বলিউড যাত্রাপথ। আর তারপর সম্পূর্ণ নিজস্ব দ্বীপে থাকতেন স্ত্রী যোগিতা বালি এবং পুত্র-কন্যাদের সঙ্গে। মাঝে বেশ কিছুদিন বলিউড এবং কলকাতা থেকে সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে যান। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় বিজেপিতে যোগ দেওয়ার পর বহু বছর পর ফিরে আসছেন এই কলকাতার মাটিতেই। কলকাতার ভোটার হচ্ছেন মিঠুন চক্রবর্তী বলে শোনা যাচ্ছে, বেলগাছিয়া-কাশীপুর এলাকায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার কার্ড বানাচ্ছেন তিনি। অনেকেই আশা করছেন বিজেপি থেকে প্রার্থী হতে পারেন মিঠুন চক্রবর্তী।
৭ মার্চ ব্রিগেডের সভায় বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকেই এক সময়ে তৃণমূলের সঙ্গে থাকার জন্য আক্ষেপ প্রকাশ করেন তিনি। পাশাপাশি, সুর চড়ান মোদী সরকারের পক্ষে। ‘মহাগুরু’র বিজেপি যোগে স্বাভাবিকভাবেই অনেকে ভাবতে শুরু করেছিলেন হয়তো বাংলার নির্বাচনে প্রার্থী হবেন মিঠুন। কিন্তু প্রথম থেকেই এবিষয়ে ইতিবাচক কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা। পরে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, দল চাইলে অথবা মিঠুন চক্রবর্তী চাইলে তাঁর প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা করা হবে। কিন্তু তারপর বেশ কিছুদিন পেরিয়েছে। কয়েক দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে নাম নেই ‘মহাগুরু’র। তবে এখনও বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা বাকি।
তার মধ্যেই ভোটার লিস্টের মিঠুনের নাম যোগ নতুন জল্পনা বাড়িয়েছে। কলকাতার কোনও আসনে টিকিট পেতে পারেন মিঠুন, তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবিষয়ে দল বা মিঠুন চক্রবর্তী, কোনও তরফেই প্রতিক্রিয়া মেলেনি।

