নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ:
গতকালগভীর রাতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কলকাতায় বৈঠক করলেন কৈলাস বিজয়বর্গীয়। বৈঠক শেষে টুইট করে এই কথা জানান বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, তাঁর সঙ্গে বৈঠক করতে পেরে আমার ভালো লেগেছে। মিঠুন চক্রবর্তীর দেশভক্তি আমাকে উদ্বুদ্ধ করেছে। মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব। সারাদেশের মানুষ মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করে। বাংলার মহাগুরু গোটা দেশের কাছে আইকন। সমাজসেবায় তিনি সব সময় নিজেকে নিয়োজিত করেছে। তাই এমন একজন মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমি গর্ব অনুভব করছি বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই জল্পনা চলছিল মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করতে পারেন। আজ ব্রিগেডে মোদীর সভায় তিনি বিজেপির পতাকা ধরতে পারেন বলে জল্পনা চলছে। যদিও মিঠুন চক্রবর্তীর পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিগেডের সভায় তাঁকে শুধু আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ রক্ষা করা হবে বলে দুদিন আগেই জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু গতকাল কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে একান্ত সাক্ষাৎ সব হিসেব যেন বদলে দিল। বৈঠকের পরই জল্পনা বাড়তে থাকে তাহলে কি প্রধানমন্ত্রীর হাত ধরেই এবার বিজেপিমুখি মিঠুন চক্রবর্তী?


