সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ নভেম্বর: দলীয় নেতা কর্মীদের উৎসাহিত করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন বিজেপির কোর কমিটির সদস্য ও ডাকসাইটে সুপারস্টাস মিঠুন চক্রবর্তী।আজ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী নিত্যানন্দপুর বাজারে পঞ্চায়েতের কার্যকর্তাদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। সভার শুরুতে তিনি রূপালী পর্দার কায়দায় কালো চশমা খুলে বক্তব্য শুরু করেন।

এদিনের সভায় বিজেপি কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্যম দেখে মিঠুন বলেন, আপনাদের ভালবাসা আমার মনে থাকবে। আজ আমি আপনাদের কাছে শুনতে এসেছি। সবাই মিলে একসাথে লড়াই চালিয়ে যান। পঞ্চায়েতে ভাল ফল হবেই। সভাপতি সুকান্ত মজুমদার কর্মীদের উদ্দেশ্য বলেন, সবাইকে সম্মান করে সংগঠনে মনোনিবেশ করুন। এদিনের সভায় সৌমিত্র খাঁ বলেন, আগামী দিনের বিজেপি জনগণকে সাথে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল শক্তি দিয়ে লড়াই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, এখানের বালি কয়লা চোরা পথে পাচার হয়ে যাচ্ছে। এর পিছনে তার হাত রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন।
এদিনের সভায় উপস্থিত বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে কি ফল হবে, উপস্থিত জনতা দেখেই তা বোঝা যাচ্ছে।”

এছাড়াও মঞ্চে উপস্থিত বিজেপির লড়াকু নেত্রী শম্পা গোস্বামী জানান, “মিঠুন চক্রবর্তী দরিদ্র মানুষের বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর পূর্বে তিনি স্হানীয় বিধায়ক দিবাকর ঘরামির বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন।
আজকের সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বাঁকুড়া লোকসভা সাংসদ সুভাষ সরকার, বিষ্ণুপুর লোকসভা সাংসদ সৌমিত্র খাঁ, সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামী সহ একাধিক বিজেপি নেতা।

