স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ এপ্রিল:
শান্তিপুরে প্রচারে এসে নিজের বাড়িতে গেলেন মিঠুন চক্রবর্তী। শান্তিপুরের মানুষ যাকে গৌরাঙ্গ বলেই বেশি চেনেন। কারণ এখান থেকেই শুরু হয়েছিল তাঁর ছেলেবেলা। এখানেই রয়েছে তার বহু স্মৃতি বিজড়িত পৈত্রিক ভিটে। শান্তিপুরের বেনে পাড়ায় এখনও তার কাকা কাকিমা তার পথ চেয়ে বসে থাকেন। যে কখন তাদের গৌরাঙ্গ আসবে তাদের সঙ্গে সময় কাটাবে। আজ অবশ্য শান্তিপুরে নেমেই তার পৈতৃক ভিটের টানে কাকা কাকিমার কাছে যান তাদের গৌরাঙ্গ এবং সেখানে গিয়ে এক গ্লাস জল খান।

মঙ্গলবার শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে তিনি প্রচারে আসেন। ঘরের ছেলেকে দেখার জন্য স্বাভাবিকভাবেই এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে প্রচুর মানুষ ভিড় করেছিল তাকে একবার দেখবে বলে। শান্তিপুরের মতিগঞ্জ মোড় থেকে রলি শুরু হয়ে বাইগাছিতে গিয়ে শেষ হয়। কিন্তু মানুষ ঘরের ছেলে মিঠুনকে দেখার জন্য সকাল থেকে ঘন্টার পর ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়েছিল।

