আমাদের ভারত, ১৭ অক্টোবর: সোমবার সামনে এলো রাজ্য বিজেপির নতুন কমিটির সদস্যদের নাম। কুড়ি জনের নতুন কোন কমিটিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন, অগ্নিমিত্রা পালের মতো একাধিক নতুন মুখ।
এদিকে কোর কমিটিতে থাকার সাথে সাথে দায়িত্ব বেড়েছে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পালদের। লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার পর্যবেক্ষক করা হয়েছে, অগ্নিমিত্রাকে যুব মোর্চার পর্যবেক্ষক করা হয়েছে। এছাড়াও চারজন আমন্ত্রিত সদস্য রয়েছেন কোর কমিটিতে। সেই চার জন হলেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কোর কমিটি থেকে বাদ পড়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
কোর কমিটিতে রাজ্য বিজেপির প্রধান তিন মুখ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের নাম তো রয়েছেই, নাম রয়েছে রাহুল সিনহার। এছাড়াও কেন্দ্রে ৪ প্রতিমন্ত্রী সুভাষ সরকার, নিশীথ প্রামানিক, শান্তনু ঠাকুর, জনবার্লা কমিটিতে রয়েছেন।
কোর কমিটিতে আছেন স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী। দেবশ্রী চৌধুরী। বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্ড, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
যে চারজন বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে কোর কমিটিতে রয়েছেন তারা হলেন মঙ্গল পান্ডে, সুনীল বন্সাল, অমিত মালব্য, আশা লাকরা।
রাজ্য বিজেপির এই নয়া কোর কমিটি পঞ্চায়েত ভোটের আগে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মিঠুন চক্রবর্তীকে রাজ্য বিজেপির কমিটিতে তুলে আনা পঞ্চায়েত ভোটের আগে বিজেপির নয়া কৌশল বলে মনে করা হচ্ছে। মিঠুন চক্রবর্তীর ফেসভ্যালুকে আগেই পদ্ম শিবির কাজে লাগিয়েছে। তবে এবার আটঘাট বেঁধে মহাগুরুকে নিয়ে ময়দানে নামছে বিজেপি।

