জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুলাই: রেল সেতু হয়ে ফেরার সময় ট্রেন চলে আসায় কাঁসাই নদীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন তাপস দাস নামে চতুর্থ শ্রেণির এক রেল কর্মী। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

জানা গিয়েছে, গোকুলপুরে রেল লাইনে কাজ করে মেদিনীপুরের কংসাবতী রেল সেতু দিয়ে ফেরার সময় হঠাৎ আরণ্যক এক্সপ্রেস ট্রেনটি চলে আসায় সেতু থেকে জলে পড়ে যান রেলের গ্রুপ ডি কর্মী তাপস দাস (৪৫)। তিনি খড়্গপুরের খরিদা এলাকার বাসিন্দা ছিলেন। রেল কর্মীর নিখোঁজ হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান খড়গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও গুড়গুড়ি পাল থানার পুলিশ। বিকেল পর্যন্ত তার খোঁজ না মেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নামানো হয়েছে। বোট নিয়ে তারা কাঁসাই নদীতে তল্লাশি চালাচ্ছেন।

