আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জুন: ২৪ ঘণ্টা নিখোঁজ থাকা ব্যক্তির মৃতদেহ একটি ডোবা থেকে উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়দার বন্দিপুর এলাকায়। মেহফুজ নামে ওই ব্যক্তি সোমবার বিকেলে তার দাদার কাছ থেকে ২০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পেশায় রাজ মিস্ত্রি মেহফুজকে সারা রাত খোঁজা হলেও কোনও খবর পাওয়া যায়নি তার। এরপর মঙ্গলবার দুপুরে মহফুজের মৃতদেহ খড়দার বন্দিপুরে একটি পরিতক্ত ডোবার পাশে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের। সেই সঙ্গে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়দা থানার পুলিশ। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটিকে খুনের মামলা বলে দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, “আমাদের ভাই’কে কেউ খুন করে ফেলে দিয়ে গেছে। তবে ওর কোনও শত্রু ছিলো না।”এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ।

