শালবনি করোনা হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি কোভিড হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক করোনা রোগী। নাম চিত্তরঞ্জন বেরা (৫৬)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলাইকুন্ডা গ্রামে।

তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা রিপোর্ট পজিটিভ আসলে স্থানান্তর করা হয় শালবনি কোভিড হাসপাতালে। শুক্রবার হাসপাতাল থেকে বাড়ির লোকেদের জানানো হয় যে তিনি নিখোঁজ রয়েছেন। কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার সকালে শালবনির করোনা হাসপাতালের কর্মীরা দেখেন হাসপাতালের পেছন দিকে তাঁর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। হাসপাতালের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। শালবনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সেই সঙ্গে শালবনি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *