পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন হিড়বাঁধের নিখোঁজ প্রৌঢ়া

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ আগস্ট: প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন তুলসী দেবী। পুলিশ সূত্রে জানাগেছে, বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানার দিঘি গ্ৰামের প্রৌঢ়া তুলসী দেবী দু’সপ্তাহ আগে রানীবাঁধের বনকাটি গ্ৰামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ভুল বাসে উঠে তিনি মেদিনীপুরে গিয়ে হাজির হন। সেখানে কোনও ভাবে দুর্ঘটনার কবলে পড়েন। তারপরের ঘটনা আর তার মনে নেই। দুর্ঘটনায় জখম হওয়ায় খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে মায়ের খোঁজ না পেয়ে দিশেহারা চিত্ত কুম্ভকার স্হানীয় থানার শরনাপন্ন হন। তুলসীদেবী নিখোঁজ হওয়ায় গ্ৰামের অধিবাসীরাও মনমরা হয়ে পড়েন। খড়্গপুর হাসপাতালে চিকিৎসায় তুলসীদেবী সুস্থ হতে থাকেন, কোথায় কি দুর্ঘটনা ঘটে সে কথা স্মরণ করতে না পারলেও বাড়ির কথা মনে পড়ে।বিষয়টি হাসপাতালের এক আধিকিরিকের নজরে আসে। তিনি এ ব্যাপারে তৎপর হন।তারপর যোগাযোগ হয় হিড়বাঁধ থানায়। হিড়বাঁধ থানার আধিকারিক পুলিশ পাঠিয়ে খড়্গপুর হাসপাতাল থেকে তুলসীদেবীকে হিড়বাঁধে নিয়ে আসেন। তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

মা’কে ফিরে পেয়ে পুত্র চিত্ত কুম্ভকার বলেন, সমাজে এখনও ভালো মানুষের সংখ্যা বেশি, তাই দুর্ঘটনায় পড়ে ও মা হাসপাতালে ভর্তি হন। সেখানের চিকিৎসায় সুস্হ হয়ে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পেরেছেন। এজন্য তিনি হিড়বাঁধ থানা ও পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *