আমাদের ভারত, হুগলী, ১০ সেপ্টেম্বর: নিট পরীক্ষার এ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী। হুগলি জেলার কোন্নগরের বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভীক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল।বৃহস্পতিবার অভীকের মা ঝর্ণা মন্ডল জানান, মঙ্গলবার নিট পরীক্ষার এ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। অভীকের বাবা কলকাতা পুলিশে কর্মরত।

এবছরই উচ্চমাধ্যমিক পাশ করা অভীকের আগামী রবিবার কলকাতার মিন্টো পার্কের একটি স্কুলে নিট পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু তাঁর হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জি টি রোডের উপর অভীকের সাইকেলটি পাওয়া গেছে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার। পরিবার সুত্রে দাবি, অত্যন্ত মেধাবী এই ছাত্রের কোনও খারাপ সঙ্গ ছিল না।

