পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালের নিখোঁজ রোগীর দেহ উদ্ধার, চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ৭ মে: পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালের নিখোঁজ রোগীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। চার দিন ধরে রহস্যজনকভাবে ওই রোগী নিখোঁজ ছিলেন। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসের কোভিড হাসপাতালের চার তলায় কাল ওই রোগীর দেহ দেখতে পান স্বাস্থ্যকর্মীরা। দেহ সনাক্ত করণের জন্য মৃতের পরিবারকে ডাকা হয়। পরিবারের সদস্যরা এসে দেহ সনাক্ত করেন আজ।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, ২৫ এপ্রিল করোনা সংক্ৰমিত হয়ে পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে ভর্তি হন পুরুলিয়া বাঘমুন্ডি থানার তুন্তুরি গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত সরকারি কর্মী বছর তিয়াত্তরের মদন মোহন মাহাতো। অভিযোগ, এরপর হঠাৎ করে চিকিৎসারত অবস্থায় নিখোঁজ হয়ে যান তিনি। মদনবাবুর পরিবারের অভিযোগ, কীভাবে একজন করোনা রোগী চিকিৎসারত অবস্থায় থেকে এভাবে নিখোঁজ হয়ে গেল? গোটা ঘটনায় হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে আজই জেলাশাসক রাহুল মজুমদার, করোনা পরিস্থিতির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক আকাঙ্খা ভাস্কর, জেলা পুলিশ সুপার এস সিলভা মুরগণ পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে যান। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন জেলাশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *