আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ অক্টোবর: উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে কেপিপির দু’টি সংগঠন একসঙ্গে লড়াই করবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বির্তকের সৃষ্টি হল। সোমবার জলপাইগুড়ি শহরে সাংবাদিক বৈঠক করে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি জানাল, তাঁদের সংগঠনের নাম করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ও চক্রান্ত করা হচ্ছে। কামতাপুর পিপলস পার্টির দিকে অভিযোগের আঙুল তুলেছে প্রোগ্রেসিভ পার্টি। শুধু তাই নয় প্রোগ্রেসিভ পার্টির সদস্য বলে যাদের দাবি করা হচ্ছে, দল বিরোধী কাজের জন্য ৯ অক্টোবর তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক অভিজিৎ রায়।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অধীর রায়। এছাড়াও ছিলেন মানবেন্দ্র রায়, মনোরঞ্জন রায়রা। অভিজিৎ বাবু বলেন, “দুই কেপিপি সংগঠন এক করে পৃথক রাজ্যের দাবি এক মঞ্চে করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যাদের প্রোগ্রেসিভ পার্টির সদস্য বলে আক্ষা দেওয়া হয়েছে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। আইনি পদক্ষেপ শেষ কথা। প্রয়োজনে সেটাও নেওয়া হবে।” তিনি আরও বলেন, “কামতাপুর রাজ্য ও ভাষা শেষ পর্যায়ে কাজ রয়েছে এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে ১২ অক্টোবর চিঠি দিয়ে জানিয়েছে। তবে আমরা আলাদা রাজ্যের পক্ষে, আমরা চাই উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গকে শাসন করুক।
অন্যদিকে ২৭ ও ২৮ নভেম্বর শিলিগুড়িতে আমাদের দাবি দাওয়া নিয়ে এক লক্ষ মানুষের সমাবেশ র্যালির ঘোষণা করা হয়েছে।”

