আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মার্চ: শ্যামনগরে গুলিকাণ্ডে জগদ্দল থানার পুলিশের হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত আশীষ হাজরা। তাকে জগদ্দল থানার পুলিশ জগদ্দলের বেলে শংকরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ঘটনার ৪ দিনের মধ্যে জগদ্দল থানার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বলে জানা গেছে।
বুধবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনায় জগদ্দল থানার পুলিশের হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত আশীষ হাজরা। তাকে জগদ্দল থানার পুলিশ বেলে শঙ্করপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। বুধবার সকালে শ্যামনগরের বাসুদেবপুর রোডে নির্মীয়মান আবাসনের সামনে সংশ্লিষ্ট আবাসনের প্রোমোটারের ম্যানেজার কাজল চৌধুরী গুলিবিদ্ধ হন। তাঁর হাতে গুলি লাগে। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনার পর বরাত জোরে প্রাণে বেঁচে যান কাজল চৌধুরী। তাঁকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। সেই ঘটনার তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ সেই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আশীষ হাজরাকে গ্রেপ্তার করে। ধৃত আশীষ ওই নির্মীয়মান আবাসনের রাজমিস্ত্রি হিসেবে নিযুক্ত ছিল। ম্যানেজার কাজল চৌধুরীর সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদ হয়েছিল আশীষের। পুলিশের প্রাথমিক অনুমান, সেই কারনেই আশীষ হাজরা, নির্মীয়মান আবাসনের ম্যানেজার কাজল চৌধুরীকে গুলি করে খুনের চেষ্টা করে। ধৃত আশীষ হাজরা জগদ্দল থানার পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করেছে বলে পুলিশ সূত্রের খবর।

