স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ ডিসেম্বর: তোলা না দেওয়ায় রাতের অন্ধকারে বাড়িতে বোমাজির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বাজিতপুরে।
জানাগেছে, এই এলাকার বাসিন্দা তারক দাস পেশায় ব্যবসায়ী। তার বাড়িতেই বোমা ছোঁড়ে দুস্কৃতীরা। একেবারে ঘরের জানালার পাশে দেওয়ালে বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয়। যার চিহ্ন স্পষ্ট ফুটে ওঠে। ঐ ঘরেই ঘুমিয়ে ছিলেন তারক দাস ও তার ছোট্ট সন্তান। শীতের রাতে জানালা বন্ধ থাকায় প্রাণে বেঁচে যান তারা।

মঙ্গলবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। তারকবাবু বলেন, বচ্চন নামে এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন সময় তোলা চায় বচ্চন। সম্প্রতি তার কাছে ৫ হাজার টাকা তোলা চায় অভিযুক্ত। টাকা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তাতেও তারকবাবু রাজি না হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে সে।

তারকবাবুর স্ত্রী রিঙ্কি দাস বলেন, রাতে ঘরে শুয়েছিলেন আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। ছোট বাচ্চা নিয়ে খাটের নীচে গিয়ে আশ্রয় নিতে হয়। ঘর থেকে বেরোতেই বারুদের গন্ধ আর ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

