সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মে: দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার কৃষান মান্ডিতে। দমকল বাহিনী আসার আগেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় ট্রাকটি। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি দীর্ঘ কয়েক দিন ধরে একই জায়গায় রাখা ছিল। মঙ্গলবার রাতে হঠাৎ দাঁড়িয়ে থাকা সেই ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। দমকলের একটি ইঞ্জিনের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে খবর পেয়ে ছুটে আসেন গাড়ির মালিক পূর্ণেন্দু বিকাষ ঘোষ। তিনি বলেন, কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। তবে তিনি দাবি করেন, দুষ্কৃতীরা ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে। যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনীর আধিকারিকরা।

