সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুন: ঝালদায় মাঝ রাতে গৃহস্থের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল। আলমারি ভেঙ্গে সোনার গয়না, নগদ সহ ১৫ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় সশস্ত্র ডাকাত দলটি। বাদ দেয়নি ওই বাড়িতে থাকা আমেরিকান ডলার।
ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঝালদার গোলা রোডে পরিচিত প্রয়াত চিকিৎসক ভগীরথ মাহাতোর বাড়িতে ডাকাতি হয়। ঘটনার আকস্মিকতা কাটেনি ওই পরিবারের। আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশীদের মধ্যে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা পুলিশ সুপার, ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক ও ঝালদা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। গত কয়েকদিনে ঝালদা থানা এলাকার বিভিন্ন গ্রামে চুরির ঘটনা সামনে এসেছে। তার পর আবার এই ডাকাতির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

আতঙ্কগ্রস্ত প্রয়াত চিকিৎসকের স্ত্রী প্রভাতীমঞ্জরী মাহাতো, তাঁর মেয়ে নিবেদিতা মাহাতো ও ছেলে অভয়ানন্দ মাহাতো জানান, রাত ১ টা নাগাদ ছয় থেকে সাত জন বাড়ির ভেতরে ঢোকে। তাঁদের একটি ঘরে হাত বেঁধে বসিয়ে রাখে মোবাইল গুলো নিয়ে রাখে দুষ্কৃতীরা। সশস্ত্র দুষ্কৃতীদের মুখ বাঁধা ছিল। কাউকে চেনা যায়নি। হিন্দি ও বাংলাতে কথা বলছিল তারা। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছিল। ওই পরিবারের তিন সদস্যকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আলমিরার চাবি চায়। না দেওয়াতে দুষ্কৃতীরা আলমারি ভেঙ্গে সব নিয়ে যায়।
প্রভাতীমঞ্জরীর মেয়ে নিবেদিতা বলেন, “আমেরিকায় কর্মসূত্রে থাকি। আমার আধার প্যানকার্ড ইত্যাদি সহ আমেরিকান ডলার, ইন্ডিয়ান কারেন্সি সহ নয় লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি সোনার গহনা নিয়েছে দুষ্কৃতীরা।”

ছেলে অভয়ানন্দ মাহাতো জানান, “পেট্রল পাম্পের তিনদিনের বিক্রির টাকা আনুমানিক ১০-১২ লক্ষ টাকা ও মায়ের গয়না নিয়ে যায় ডাকাত দল।” এই ঘটনার পর নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

