স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ সেপ্টেম্বর: আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে বহিরাগত দুষ্কৃতীদের তান্ডব। প্রতিবাদে ব্যবসা বন্ধ রেখে আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর লাইনবাজার এলাকায়। যাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
জানা যায়, ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ঐ দিন ধনেশ্বর মোদক নামের স্থানীয় এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে ঝামেলা বাধে। ধনেশ্বর বাবু জানান, কিছুক্ষণের জন্য ঝামেলা হলেও তা মিটমাট হয়ে যায়। কিন্তু পরদিন বুধবার সকাল ১০ টা নাগাদ ঐ ঝামেলাকে কেন্দ্র করে ৭টি বাইকে চেপে একদল দুস্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধনেশ্বরবাবুর দোকানে তান্ডব চালায় বলে অভিযোগ। সে সময় দোকানে তার নাবালক ছেলে ও এক কর্মী ছিল। দুষ্কৃতীরা তাদের বেধড়ক মারধর করে দোকানের ক্যাশবাক্স থেকে টাকাপয়সা লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনায় অনন্ত মন্ডল নামের তার দোকানের কর্মী গুরুতর আহত হন।

এই ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সহ ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও দুষ্কৃতীরা অধরা। যার জেরে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ধর্মঘট পালন করছে ব্যবসায়ী সমিতি৷

এলাকার মাছ ব্যবসায়ী পার্থ ভারতী বলেন, ঐ দুষ্কৃতীরা সকলেই তৃণমূল আশ্রিত। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন তিনি। দুর্গাপুর লাইন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল কুমার সরকার, দুষ্কৃতীরা গ্রেফতার না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

