স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ:
গভীর রাতে দুষ্কৃতীদের হামলা এবং বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীর সগুনা অঞ্চলে। অভিযোগ, সগুনা অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ সরকার গতকাল রাতে বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎই তিনটি মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে মারধর করা হয়, এরপরে দুষ্কৃতীরা চলে যাবার সময় তার মোটর বাইকটি পুকুরে ফেলে দিয়ে বোমাবাজি করে চলে যায় বলে অভিযোগ।

দুষ্কৃতীদের ছোড়া বোমের ঘায়ে আহত হন বিশ্বজিৎ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী জিএনএম হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে। তবে কি কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানার পুলিশ তদন্তে নেমেছে।


