Sukanta, BJP, বাংলার শিক্ষাব্যবস্থা থেকে কালো মেঘ সরে যাক, নিজের বাড়িতে বাগদেবীর আরাধনা করে প্রার্থনা করলেন মন্ত্রী সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৩ জানুয়ারি: বালুরঘাটে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে বাগদেবীর আরাধনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রার্থনা করলেন বাংলার শিক্ষা ব্যবস্থা থেকে দ্রুত কালো মেঘ সরে যাক।

শঙ্খ বাজিয়ে, পুষ্পাঞ্জলি দিয়ে আর পাঁচটা বাঙালির মতো নিজের বাড়িতে দুই কন্যা সহ গোটা পরিবারের সঙ্গে দেবী সরস্বতীর পুজো করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সারা বছর সরকারের বিভিন্ন কাজ ও দলের কাজে ব্যস্ত থাকলেও অন্য বছরের মতো এবছরও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজের বাড়িতে বাগদেবীর আরাধনা করলেন।

পুজোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আর পাঁচটা বাঙালির মতই আজ তিনি দেবী সরস্বতীর আরাধনা করলেন। ছোটবেলা থেকেই বাগদেবীর আরাধনা করেছেন। সেই একইরকম ভাবে আজ তিনি মায়ের প্রার্থনায় ব্রতী হয়েছেন। তিনি বলেন, “মায়ের কাছে প্রার্থনা করেছি পশ্চিমবঙ্গের মানুষকে যেনো মা ভালো রাখেন। আমাদের পরিবারের সকল ছেলেমেয়েদের সৎ বুদ্ধি দেন।”

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেবীর কাছে তিনি প্রার্থনা করেছেন, “মা যেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে অনাচার চলছে, অবিচার চলছে, সেটা ২৬ হাজার লোকের চাকরি চলে যাওয়া হোক বা দিনের পর দিন এসএসসি না হওয়া হোক, আমাদের যারা চাকরি প্রার্থী তাদের ঠান্ডায় কলকাতার রাস্তায় আন্দোলনের জন্য বসে থাকা হোক, বাঙালিকে যেন মা এই কালো সময় থেকে মুক্তি দেন।

পড়ুয়াদেল উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার সময়টা জীবনের সবথেকে সুন্দর সময়। যার যেটা ভালো লাগে সেটা সে খুব মন দিয়ে করুক। পড়াশোনা, আঁকা, গান- বাজনা সবটাই মন দিয়ে করুক আর ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, বাংলাকে সামনের দিকে এগিয়ে যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *