আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: কেশপুরের তিনবারের বিধায়ক মন্ত্রী হওয়ার পর নিজের বিধানসভা কেন্দ্রে এসে স্বীকার করলেন এলাকার উন্নয়ন এখনও বাকি আছে। বৃহস্পতিবার বেশ কিছু প্রকল্পের প্রতিশ্রুতিও দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এদিন কেশপুর ব্লক তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের পর দলীয় কার্যালয়ে বসে শিউলি সাহা জানান, তিনি এগারো সালে প্রথমবার হলদিয়া থেকে এবং পরে কেশপুর থেকে পরপর দুবার বিধায়ক হন।তিনি বলেন, এখনও কেশপুরের বেশকিছু রাস্তাঘাট তৈরি বাকি আছে। সাধারণ মানুষের দাবি মেনে সেই কাজগুলো সম্পূর্ণ করবেন। কেশপুর বন্যা কবলিত এলাকা হলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য ঘাটাল মাষ্টার প্ল্যান কার্যকরী হয়নি। তাই বেশকিছু জায়গাতে ছোট ছোট সেতু তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও কেশপুরে একটি মহিলা কলেজ তৈরি করবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন মন্ত্রী শিউলি সাহা। পাশাপাশি হাসপাতালগুলিতে পরিকাঠামোর উন্নতি ও করোনা মোকাবিলার জন্য সেফ হোম তৈরির পরিকল্পনার কথা জানান।
শিউলি সাহা জানান, তৃণমূলের দশ বছরের সরকারে রাজ্যের মানুষ যথেষ্ট সরকারি পরিষেবা পেয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছেন। তিনি বলেন, এবার রাজ্যে বেকারত্ব কাটবে কর্মসংস্থান বাড়বে। যে কাজ এখনও বাকি আছে তিনি সেগুলি মুখ্যমন্ত্রীর সাহায্যে করবেন বলে শিউলি সাহা জানিয়েছেন।

