পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ ফেব্রুয়ারি: পুরভোট পার হলেই গোঁজ প্রার্থীদের উস্কানিদাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল, বালুরঘাটে বললেন মন্ত্রী শশী পাঁজা। বুধবার বিকেলে বালুরঘাটে তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানালেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক ডাঃ শশী পাঁজা। তিনি বলেন, যাঁদের প্ররোচনায় গোঁজ প্রার্থীরা বালুরঘাট পুরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের বিরুদ্ধে দল কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে।
বালুরঘাট পুরসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৭ ও ৯ নং ওয়ার্ডে গোঁজ প্রার্থী দেয়। যা দলীয় নেতৃত্বদের একাংশের মদতেই হয়েছে। যদিও পরে দলীয় নেতৃত্বের নির্দেশেই ৭ নং ওয়ার্ডের গোঁজ প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। কিন্তু ৯ নং ওয়ার্ডে তা হয়নি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও তার বাতিল হয়নি। আর যার পরেই এদিন ৯ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী ঝুমুর বিশ্বাসকে জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত করান ডাঃ শশী পাঁজা।
তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, যে ঝুমুর বিশ্বাস নিজের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় ঐ ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন। নিজের অসুবিধার কারণে ওইদিন মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারেননি তিনি। এদিন একইসাথে পুরভোট প্রচারের জন্য পাঁচজনের একটি কমিটিও ঘোষণা করেছেন মন্ত্রী শশী পাঁজা। যেখানে জায়গা পেয়েছেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, চেয়ারম্যান নিখিল সিংহ রায় ও তৃণমূল নেতা সুভাষ চাকী। যাদের নেতৃত্বেই পরিচালিত হবে পুরভোট।

