সাথী দাস, পুরুলিয়া, ১৮ ফেব্রুয়ারি: দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করে ভোটের টেম্পো আনলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। আজ পুরুলিয়া পুরসভার ২১ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। প্রচারের কেন্দ্র বিন্দুতে ছিলেন মন্ত্রী নিজেই। যদিও ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ময়ূরী নন্দীকে পাশে নিয়ে ভোটারদের সমর্থন আদায় করতে দেখা গিয়েছে মন্ত্রীকে। নমস্কার প্রতি নমস্কারের সৌজন্যতা ভোট প্রচারে দেখা গিয়েছে। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেই মন্ত্রীর তকমায় প্রচার নয়, তৃণমূলের কর্মী হিসেবে ভোট প্রচার বলে জানান মন্ত্রী।

প্রচারে সঙ্গে থাকা প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু বলেন, “মানুষের পাশে তৃণমূল। এটা আজ প্রমাণের প্রয়োজন নেই। আজ প্রচারে রাস্তার দু’পাশে সমর্থকদের উচ্ছ্বাস আমাদের অনুপ্রাণিত করেছে।”

পুরুলিয়া পুরসভার ভোট প্রচার মূলত এখনও ম্যাড়ম্যাড়ে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের দরজায় গিয়ে ভোট প্রচার চলছে। সেই জায়গায় মন্ত্রীকে সামনে রেখে ভোট প্রচার করে একটা অন্যমাত্রা এনে দিল তৃণমূল প্রার্থীর বলে মনে করছে রাজনৈতিক মহল।

