খরা প্রবণ পুরুলিয়ায় জল কষ্ট দূর করার সংকল্প পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যা রানির

সাথী দাস, পুরুলিয়া, ১২ মে: রাজ্যের পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়নের পাশাপাশি খরা প্রবণ পুরুলিয়ায় জল কষ্ট দূর করার সংকল্প নিয়েই জেলায় পা রাখলেন মন্ত্রী সন্ধ্যা রানি টুডু। শপথের পর দফতরের জরুরি কাজ সেরে কলকাতা থেকে আজই পুরুলিয়ার মানবাজারের কাদালাগোড়া গ্রামের বাড়িতে ফিরলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি। তার আগে বাঁকুড়ায় অফিসে আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সংবর্ধনা জানান দফতরিয় কর্মীরা। এরপর পুরুলিয়ার হুড়ায়, লালপুরে মন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা।

মন্ত্রীর সঙ্গে থাকা স্বামী তথা জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন,”মানুষের বিপুল সমর্থনের কারণেই আজ উন্নয়নের দায়িত্ব পেয়েছেন সন্ধ্যারানি। উন্নয়নই পাখির চোখ হবে আমাদের।” কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। পরে পুরুলিয়া শহরে তৃণমূল জেলা সদর কার্যালয়ে একটি সংবর্ধনার অনুষ্ঠান হয়। সেখানে মন্ত্রী ও বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকেও সংবর্ধনা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। একই ভাবে মানবাজার, জিতুজুড়িতেও মন্ত্রীকে স্বাগত জানান তৃণমূল নেতা, কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *