রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৮০ বেডের হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১ আগস্ট: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৮০ বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সংখ্যালঘু হোস্টেল ও আদিবাসী হোস্টেল নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশ করবেন বলে তিনি জানান। রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে এদিন বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর অনিল ভুঁইমালী, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলসম্পদ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। রবিবার বেলা বারোটা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে আলোচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখানে একটি ১৮০ বেডের হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের জন্য আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায় তা তদারকি করার পাশাপাশি আগামীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংখালঘু ও আদিবাসী হোস্টেল নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়। এই কাজের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে তিনি সুপারিশ করবেন বলে জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্বের সাথেও কথা বলেন তিনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনিল ভুঁইমালী জানিয়েছেন, মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকার ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *