আমাদের ভারত, হাওড়া, ১৭ জুলাই: গাছ লাগানোর পাশাপাশি সেইসব গাছকে পরিচর্যা করে তাদের বাঁচিয়ে রাখার বার্তা দিলেন রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। শনিবার গড়চুমুক পর্যটন কেন্দ্রে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বনমহোৎসব কর্মসূচিতে অংশ নিতে এসে এই কথাই বলেন মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোটা যেরকম জরুরি সেরকম সেই সমস্ত গাছকে বাঁচিয়ে রাখার জন্য তাদের প্রতি যত্নবান হওয়াটও ততটা জরুরি।
এদিন মন্ত্রী বলেন, গড়চুমুক পর্যটনকেন্দ্রকে হাওড়া জেলার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে। তিনি জানান, এই পর্যটন কেন্দ্র বিভিন্ন গাছ দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি পর্যটন কেন্দ্রে আসার বিভিন্ন রাস্তার দুই পাশ কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ দিয়ে সাজিয়ে তোলা হবে। মন্ত্রী পুলক রায় বলেন, এর ফলে পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের মনোরঞ্জন হবে।

এদিন হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান, সম্প্রতি গড়চুমুক মিনি ন্যাশনাল জু অথরিটি থেকে স্মল জু- এর স্বীকৃতি পেয়েছে। সেই কারণে এই জু’য়ের পরিধি আরও বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধক্ষ্য অন্তরা সাহা, কৃষি কমাধক্ষ্য রমেশ পাল সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী পুলক রায় সহ অন্যান্যরা গাছ লাগিয়ে কর্মসূচির সূচনা করেন।

