অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৬ জুলাই: বাংলাদেশ হাইকমিশন, দিল্লিতে কর্মরত মিনিস্টার (প্রেস)-কে সম্বর্ধনা জানালেন, কলকাতা প্রেস ক্লাব। মঙ্গলবার ক্লাবের সভাপতি স্নেহাশীস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক এই সম্বর্ধনা জানান। উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন দৈনিকের সাংবাদিক এবং বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রথম সচিব (প্রেস) মোঃ মোফাকখারুল ইকবাল।
শাবান মাহমুদ-কে কলকাতা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে স্মারক এবং উত্তরীয়’র মাধ্যমে সম্বর্ধনা জানানো হয়। আবেগঘন পরিবেশে মাহমুদ জানান, “আমি যে প্রেসক্লাবে আজ সম্মানিত হলাম এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের জায়গা। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কলকাতা প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।“
মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের বরেণ্য সাংবাদিকগণ এই কলকাতা প্রেসক্লাবের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিস্তারিত তথ্য সারা বিশ্ববাসীকে জানিয়েছিলেন।

