অমরজিৎ দে, ঝাড়গ্রাম,৩০ এপ্রিল: শনিবার ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ের সিধু কানু হলে প্রশাসনিক স্তরে বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ও বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলাশাসক জয়সী দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
ওই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় ঝাড়গ্রাম জেলায় কোথায় কোথায় ড্যাম তৈরি করলে ভালো হবে তা নিয়ে। সেই সঙ্গে কোথায় পুকুর কাটার প্রয়োজন আছে তা নিয়েও আলোচনা হয়। ঝাড়গ্রাম জেলার কোথাও যেন পানীয় জলের সমস্যা না থাকে সে নিয়েও আলোচনা হয়। বিস্তারিতভাবে আলোচনা করেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা। তিনি বলেন, জেলা প্রশাসনের সঙ্গে বসে জলসম্পদ দপ্তরের আধিকারিকরা কোথায় কি করলে ভালো হয় তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবেন। ঝাড়গ্রামে যাতে কোনো দিন পানীয় জলের সংকট না দেখা যায় তার জন্য যা যা করণীয় তাই করা হবে। এছাড়া ওই বৈঠকে ক্রেতা সুরক্ষা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন তিনি।
তিনি বলেন, ক্রেতা ঠকবে না, বঞ্চিত হবে না। সেই সঙ্গে তিনি বলেন, ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্ম খতিয়ে দেখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তাতে সরকারি আধিকারিকরা যেমন থাকবেন, তেমনি নির্বাচিত জনপ্রতিনিধিও থাকবেন। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে জলসম্পদ দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত কাজ করা হবে বলে তিনি জানান।

